• ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে এসআই পরিচয়ে বৃদ্ধ চালকের অটোরিকশা নিয়ে চম্পট

sylhetcrimereport
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৬
সিলেটে এসআই পরিচয়ে বৃদ্ধ চালকের অটোরিকশা নিয়ে চম্পট

সিকারি ডেস্ক:: সিলেট মহানগরীতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয়ে এক অভিনব প্রতারণার শিকার হয়েছেন ৭২ বছর বয়সী বৃদ্ধ অটোরিকশা চালক শফিকুর রহমান। রোববার (১৪ এপ্রিল) দুপুরে উপশহর এলাকায় কৌশলে তাঁর জীবনের একমাত্র সম্বল ও উপার্জনের মাধ্যম অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় এক প্রতারক।

ভুক্তভোগী শফিকুর রহমান সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি সিলেট শহরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তিনি নগরীর শিবগঞ্জে বসবাস করেন।

ঘটনার বিবরণ দিয়ে শফিকুর রহমান জানান, সোমবার দুপুর ২টার দিকে নগরীর শিবগঞ্জ লাকরিপাড়ার মুখ থেকে পুলিশের এসআই পরিচয় দেওয়া এক ব্যক্তি তাঁর অটোরিকশায় চড়েন। গন্তব্য ছিল উপশহর। উপশহরের বি-ব্লক ২১ নম্বর রোডের মুখে পৌঁছানোর পর ওই ব্যক্তি বলেন, ‘এখানে ৫ মিনিট দাঁড়ান, আমার একজন লোক আসবে তাকে নিয়ে যাবো।’

কিছুক্ষণ অপেক্ষার পর ওই ছদ্মবেশী প্রতারক তীব্র গরমের অজুহাত দিয়ে শফিকুরকে বলেন, ‘খুব বেশি গরম লাগছে, তুমি দুইটা ঠান্ডা পানীয় নিয়ে আসো।’ সরল বিশ্বাসে গাড়িটি রেখে পাশের দোকানে ঠান্ডা পানীয় আনতে যান বৃদ্ধ শফিকুর। ফিরে এসে দেখেন তাঁর গাড়িটি নেই, সেইসাথে উধাও হয়ে গেছে এসআই পরিচয় দেওয়া ওই ব্যক্তিও।

কান্নাজড়িত কণ্ঠে শফিকুর রহমান বলেন, এই অটোরিকশাটি একজন সহৃদয় ব্যক্তি আমাকে আল্লাহ্‌র ওয়াস্তে দান করেছিলেন। আমার চার সন্তান। প্রতিদিন যা রোজগার করি তা দিয়েই কোনোমতে খেয়ে-পরে বেঁচে আছি। এখন গাড়িটি হারিয়ে আমি পুরোপুরি নিঃস্ব। আমার সন্তানদের মুখে আহার তুলে দেবো কীভাবে?

তিনি আরও বলেন, আমি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, সিসিটিভি ফুটেজ দেখে যেন দ্রুত ওই প্রতারককে চিহ্নিত করা হয় এবং আমার গাড়িটি উদ্ধার করে দেওয়া হয়। তা না হলে চার সন্তান নিয়ে আমাকে না খেয়ে থাকতে হবে।

বৃদ্ধ এই চালকের আর্তনাদ এখন সিলেটের জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। সচেতন মহল মনে করছেন, দ্রুত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে ওই প্রতারককে ধরা সম্ভব। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও তাঁর পরিবার।

এ ব্যাপারে শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমদ জানান, আমরা ব্যবস্থা নিচ্ছি।