• ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সমালোচনার মুখে সিলেটের পুলিশ কমিশনারের সেই গণবিজ্ঞপ্তি প্রত্যাহার

sylhetcrimereport
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৬
সমালোচনার মুখে সিলেটের পুলিশ কমিশনারের সেই গণবিজ্ঞপ্তি প্রত্যাহার

সিকারি ডেস্ক:: সমালোচনার মুখে ১২ ঘন্টার মধ্যে নিজের জারি করা একটি গণবিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার।

বুধবার সন্ধ্যায় অনলাইন গণমাধম সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেন তিনি। এ নিয়ে ব্যাপক সমালোচনা দেখা দিলে বৃহস্পতিবার সকালেই নতুন বিজ্ঞপ্তি নিয়ে আগের গণবিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেন তিনি।

এরআগে বুধবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কিছু নিউজ পোর্টাল কর্তৃক যথাযত রেজিস্ট্রেশন ব্যতীত ভুল, অসত্য, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত, মানহানিকর, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ও প্রপাগান্ডা ভিত্তিক সংবাদ প্রচার করা হচ্ছে যা জনমনে বিভ্রান্তি সৃষ্টিসহ বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমুর্তি ক্ষুন্ন করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এমতাবস্থায় এই গণবিজ্ঞপ্তিজারীর ৪৮ ঘন্টার মধ্যে (০১ মে ২০২৬ সন্ধ্যা ৬ টা) রেজিস্ট্রেশন বিহীন অনলাইন নিউজ পোর্টাল দেশী/বিদেশী ডোমেইন থেকে অপসারণের নির্দেশ প্রদান করা হলো। অন্যথ্যায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ওই বিজ্ঞপ্তিতে পাঠকদের উদ্দেশে লেখা হয়, ‘উক্তরূপ নিউজ পোর্টালের প্রকাশিত কোন সংবাদ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ, শেয়ার, লাইক ও কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য সিলেট মহানগরীর সর্বসাধারণকে অনুরোধ করা হলো’।

পুলিশের ওই গণবিজ্ঞপ্তিটি জারির পরপরই তার বৈধতা ও এখতিয়ার নিয়ে প্রশ্ন ওঠে। সমালোচকদের মতে, অনলাইন গণমাধ্যমের নিবন্ধন প্রদানের এখতিয়ার তথ্য মন্ত্রণালয়ের। কোন অনলাইন গণমাধ্যম বন্ধ করার এখতিয়ারও তথ্য মন্ত্রণালয়ের। তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া এমন বিজ্ঞপ্তি জারি রা পুলিশের এখতিয়ার বর্হিভূত বলেও মন্তব্য করেন তারা।

এ প্রসঙ্গে পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বুধবার মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, “পুলিশ কমিশনার স্যার এই গণবিজ্ঞপ্তি দিয়েছেন। সিলেট মহানগর পুলিশের আইন অনুযায়ী স্যার গণবিজ্ঞপ্তি দিতে পারেন।”

আর সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী গণমাধ্যমকে বলেন, “তথ্য মন্ত্রণালয়ের কোনো নিদের্শনা নয়। এটি ২০২১ সালের হাইকোর্টের একটি নিদের্শনা। অনলাইনের নিবন্ধন বাতিল তথ্য মন্ত্রণালয় করবে। আমাদের যেখানে ভূমিকা নেওয়ার কথা, সেটি আমরা নিয়েছি।”

তবে ১২ ঘন্টার কম সময়ের মধ্যেই এই গণবিজ্ঞপ্তি প্রত্যাহার দেন পুলিশ কমিশনার। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত আরও একটি বিজ্ঞপ্তি দিয়ে পূর্বের গণবিজ্ঞপ্তি সিটিএসবি/এসএমপি/২৫০১ বাতিল করা হয়েছে।