
সিকারি ডেস্ক:: সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ বিধি লঙ্ঘনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (৪ মে) দুপুর ২ ঘটিকায় উপজেলার ৪ নং বাংলাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ পলি রানী দেব।
এ সময় অভিযানকালে অবৈধভাবে উত্তোলন করা সাড়ে ১২ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পরে জব্দকৃত বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়। পরে অবৈধ বালু উত্তোলন কাজে ব্যবহারিত ১০ টি নৌকা ধ্বংস করা হয়।
একই দিন উপজেলার আলুবাগান এলাকায় পরিবেশ আইন লঙ্ঘন করে টিলা কেটে উত্তোলন করা লাল পাথর মজুদ রাখার দায়ে ময়নামতি স্টোন ক্রাশার-কে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব বলেন, “অবৈধ বালু উত্তোলন, পরিবেশ ধ্বংস এবং সরকারি নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। ”