• ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গোয়াইনঘাট সীমান্তে বিএসএফের ও বিজিবির মধ্যে পাল্টা গুলি, নেপথ্যে চোরাকারবারি ‘শ্যাম কালা’

sylhetcrimereport
প্রকাশিত মে ২৪, ২০২৬
গোয়াইনঘাট সীমান্তে বিএসএফের ও বিজিবির মধ্যে পাল্টা গুলি, নেপথ্যে চোরাকারবারি ‘শ্যাম কালা’

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় চোরাই মোটরসাইকেল পাচারকে কেন্দ্র করে উত্তেজনা। অবস্থান জানান দেয় বিজিবি ও বিএসএফ। এসময় দুই দেশের সীমান্তপ্রহরীর গুলিবর্ষণের ঘটনাও ঘটে। স্থানীয়দের দাবি, পুরো ঘটনার নেপথ্যে রয়েছে চোরাকারবারি শামসুদ্দিন কালা ওরফে ‘শ্যাম কালা’র সিন্ডিকেট।

১৮ ই মে সোমবার রাতে গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তের নয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্তের একাদিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই পশ্চিম জাফলং ইউনিয়নের হাতিরখাল গ্রামের শ্যাম কালার নেতৃত্বে ওই সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই মোটরসাইকেল বাংলাদেশে আনা হচ্ছে। প্রতিদিনই তার লোকজন সীমান্তের বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে চোরাই চালান দেশে প্রবেশ করায় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার দিনও মোটরসাইকেলের একটি বড় চালান দেশে আনার চেষ্টা করে চক্রটি। এসময় ভারতের অভ্যন্তর থেকে বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা পাল্টা গুলিবর্ষণ করে। পরে উভয়পক্ষের মধ্যে কিছু সময় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে।

ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল বাড়ানো হয়। স্থানীয়দের মধ্যে অজানা এক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।