
সিকারি ডেস্ক:: সিলেটের ওসমানীনগরে একটি মিষ্টির বিক্রয়কেন্দ্রে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং আলোচনা-সমালোচনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা।
বুধবার (৪ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউএনও বলেন, একটি মিষ্টির দোকানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের ঘটনাকে ঘিরে যে প্রচারণা চালানো হচ্ছে, তার অনেক তথ্যই বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। পুরো কার্যক্রম আইন ও বিধিমালার আওতায় পরিচালিত হয়েছে এবং কোনো ব্যক্তিগত কারণে কাউকে হয়রানি করা হয়নি।
তিনি বলেন, ভোক্তা স্বার্থ সংরক্ষণ, খাদ্যের মান নিশ্চিতকরণ এবং বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় প্রাপ্ত তথ্য, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং উপস্থাপিত কাগজপত্র পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ইউএনও আরও বলেন, কাউকে ‘আপা’ সম্বোধন করার কারণে জরিমানা করা হয়েছে—এ ধরনের প্রচারণার কোনো ভিত্তি নেই। কোনো ব্যক্তি কাকে কী সম্বোধন করেছেন, তা শাস্তিমূলক ব্যবস্থার কারণ হতে পারে না। আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হলে এবং ভ্রাম্যমাণ আদালতের এখতিয়ারভুক্ত বিষয় হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
তিনি জানান, উপজেলা প্রশাসনের বাজার তদারকি ও ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এসব অভিযানে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হয় না; বরং আইন, তথ্য-উপাত্ত এবং প্রমাণের ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ইউএনও বলেন, কোনো ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়ে কারও আপত্তি বা অভিযোগ থাকলে প্রচলিত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ায় তা পর্যালোচনার সুযোগ রয়েছে। তবে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সহ-সভাপতি শরীফ আহমদ চৌধুরী ও শাহাব উদ্দিন শাহিন, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, দপ্তর সম্পাদক ইব্রাহিম খান ইমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফজলু মিয়া, প্রচার সম্পাদক হাবিবুর রহমান বাবুল, সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাসসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
সংবাদ সম্মেলনের শেষে উপজেলা প্রশাসন ওসমানীনগরে সুশাসন প্রতিষ্ঠা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার রক্ষায় সকলের সহযোগিতা কামনা করে।