• ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

এবিসি ল’ প্রফেশনালসের এমসিকিউ-২০২৬ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

sylhetcrimereport
প্রকাশিত জুন ৮, ২০২৬
এবিসি ল’ প্রফেশনালসের এমসিকিউ-২০২৬ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

সিকারি ডেস্ক::  আইন শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান এবিসি ল’ প্রফেশনালস, সিলেট-এর উদ্যোগে ‘এমসিকিউ-২০২৬’ সেশনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সিলেট জজকোর্টের প্রতিথযশা আইনজীবী অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবিসি’র প্রতিষ্ঠাতা পরিচালক ও আইনের শিক্ষক অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন এবং সঞ্চালনা করেন এবিসি’র পরিচালক ও আইনের শিক্ষক অ্যাডভোকেট মো. আরিফুর রহমান।
সভায় স্বাগত বক্তব্য দেন অ্যাডভোকেট মো. আরিফুর রহমান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল এবং বিশেষ অতিথি অ্যাডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব।
অনুষ্ঠানে অভিজ্ঞতা বিনিময়মূলক বক্তব্য রাখেন এবিসি পরিবারের সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির নবীন-তরুণ সদস্য আফজাল হোসাইন অ্যাডভোকেট, সুদীপ রায় অ্যাডভোকেট, সাহিদ আলী সাহিদ অ্যাডভোকেট, রুহানা বেগম অ্যাডভোকেট, সুজানা বেগম চম্পা অ্যাডভোকেট এবং সত্যেন্দ্র দে রিংকু অ্যাডভোকেট।
এছাড়া ‘এমসিকিউ-২০২৬’ সেশনের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন আয়কর আইনজীবী মো. আব্দুল্লাহ আল মাহবুব, কামরুন নাহার সুইটি, মো. দেলোয়ার হোসেন ও সাহিন আহমেদ।
বক্তারা বলেন, ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে এবিসি ল’ প্রফেশনালস সিলেট অঞ্চলে বার কাউন্সিল পরীক্ষার বিভিন্ন ধাপের প্রস্তুতিমূলক কোর্স পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করায় এটি সিলেট অঞ্চলের একটি অগ্রণী ও বিশ্বস্ত আইন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি প্রতিষ্ঠানটি শিক্ষা সফর, সেমিনার, বিনামূল্যে আইনি পরামর্শ এবং আইনবিষয়ক বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করে থাকে।
অনুষ্ঠানে ‘এমসিকিউ-২০২৬’ সেশনের দুই ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ১২টি অভ্যন্তরীণ ‘স্পেশাল মডেল টেস্ট-২০২৬’-এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারীদের সম্মাননা প্রদান করা হয়।
প্রথম স্লটে প্রথম স্থান অর্জন করেন বিলাল আহমদ, দ্বিতীয় হন মো. মাসুদুর রহমান এবং তৃতীয় হন মো. দেলোয়ার হোসেন। দ্বিতীয় স্লটে প্রথম স্থান অর্জন করেন সফিকুল ইসলাম, দ্বিতীয় হন রুমান আহমেদ এবং তৃতীয় হন মো. আব্দুল্লাহ আল মাহবুব।
কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে ছয়জনকে আইনবিষয়ক বই উপহার দেওয়া হয়। এছাড়া ‘এমসিকিউ-২০২৬’ ব্যাচের প্রত্যেক শিক্ষার্থীকে বিশেষ সৌজন্য উপহার প্রদান করা হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবিসি’র পক্ষ থেকে মেধা তালিকায় স্থান অর্জনকারীদের হাতে বই তুলে দেন।
সভাপতির সমাপনী বক্তব্যে অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং বার কাউন্সিল পরীক্ষায় ভালো ফল অর্জনের জন্য আন্তরিক অধ্যবসায় ও নিয়মিত অনুশীলনের ওপর গুরুত্বারোপ করেন। পরে তাঁর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।