• ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে বজ্রপাতে দুই ভাইসহ ৩ জেলে নিহত

sylhetcrimereport
প্রকাশিত জুন ১৮, ২০২৬
ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে বজ্রপাতে দুই ভাইসহ ৩ জেলে নিহত

সিকারি ডেস্ক:: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে ৩ জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টার দিকে উপজেলার গয়াসী ও বাঘমারা গ্রামের মধ্যবর্তী ঘাটু টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন জেলের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামালপুর গ্রামে। তারা হলেন— ছাবির মিয়া (৪০), পিতা মৃত রফিক মিয়া; হামিদ মিয়া (৪৫), পিতা মৃত জহির মিয়া এবং তার আপন ছোট ভাই কাবিল মিয়া, পিতা মৃত জহির মিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ওই তিন জেলে একটি নৌকায় করে কুশিয়ারা নদীতে মাছ ধরতে যান। বেলা ১১টার দিকে প্রবল বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে অন্য এক মাঝি নদীতে একটি নৌকা খালি ভাসতে দেখে এগিয়ে যান এবং নৌকার ভেতরে দগ্ধ অবস্থায় দুই জেলের মরদেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আশাকুর মিয়াকে জানানো হলে তিনি থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই জেলের মরদেহ উদ্ধার করে। এসময় নৌকায় থাকা অপর জেলে কাবিল মিয়া নিখোঁজ ছিলেন। পরবর্তীতে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ কাবিল মিয়ার মরদেহ উদ্ধার করে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নৌকায় থাকা দুই জেলে ঘটনাস্থলেই মারা যান এবং একজন পানিতে পড়ে নিখোঁজ হন। ফায়ার সার্ভিসের সহায়তায় তিনজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

জীবিকার তাগিদে মাছ ধরতে এসে একই গ্রামের তিন জনের এমন মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে দুই সহোদর ভাইকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তাদের স্বজনরা। স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষ এই বিয়োগান্তক ঘটনায় গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।