ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ নিয়ে ক্ষোভ, মানববন্ধনের ডাক

sylhetcrimereport
প্রকাশিত June 25, 2026
ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ নিয়ে ক্ষোভ, মানববন্ধনের ডাক

সিকারি ডেস্ক:: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধে দীর্ঘসূত্রিতার অভিযোগ তুলে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছেন।
‘বিমানবন্দর অধিগ্রহণ বাস্তবায়ন কমিটি।

প্রকাশিত এক প্রচারপত্রে জানানো হয়, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ‘নিরাপত্তা বেষ্টনী ও নিরাপত্তা টহল সড়ক নির্মাণ প্রকল্প’-এর আওতায় ২০২০ সালে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। সংশ্লিষ্ট মামলায় ক্ষতিগ্রস্তদের মালিকানাধীন ভিটেমাটি ও ফসলি জমির জন্য ভূমি অধিগ্রহণ আইনের ৪ ধারার নোটিশ প্রদান করা হলেও ছয় বছর পেরিয়ে গেলেও অধিকাংশ মালিক এখনো ক্ষতিপূরণ পাননি বলে দাবি করা হয়েছে।

প্রচারপত্রে অভিযোগ করা হয়, ক্ষতিগ্রস্তরা বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান করেও আশানুরূপ অগ্রগতি পাননি। সর্বশেষ গত ২১ মে জেলা প্রশাসকের কাছে ৪৫ দিনের মধ্যে বর্তমান বাজারমূল্যে ক্ষতিপূরণ প্রদানের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে, যার মেয়াদ আগামী ৪ জুলাই শেষ হবে।

ভূমি মালিকদের ভাষ্য, “আমাদের জমি নেওয়া হয়েছে ছয় বছর আগে, কিন্তু ক্ষতিপূরণ পাবো কবে—তার কোনো নিশ্চয়তা নেই।” তারা দ্রুত ভূমি অধিগ্রহণের জটিলতা নিরসন এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের বর্তমান বাজারদর অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।

এই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৮ জুন, রোববার সকাল ১১টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের (এয়ারপোর্ট) প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে দল-মত নির্বিশেষে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও সচেতন নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, উন্নয়ন প্রকল্পের স্বার্থে জমি অধিগ্রহণ করা হলেও ন্যায্য ক্ষতিপূরণ না পাওয়ায় তারা দীর্ঘদিন ধরে আর্থিক ও সামাজিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এখন তাদের একমাত্র দাবি, দ্রুত ক্ষতিপূরণ প্রদান করে দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান ঘটানো।