• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের চেঙ্গেরখালে ইউপি ট্যাক্সের নামে চাঁদা আদায়ের অভিযোগে পুলিশের তদন্তের আশ্বাস

sylhetcrimereport
প্রকাশিত জুলাই ৬, ২০২৬
সিলেটের চেঙ্গেরখালে ইউপি ট্যাক্সের নামে চাঁদা আদায়ের অভিযোগে পুলিশের তদন্তের আশ্বাস

সিকারি ডেস্ক:: সিলেট সদর উপজেলার চেঙ্গেরখাল নদীর সালুটিকর-বাদাঘাট নৌপথে ইউনিয়ন পরিষদের ট্যাক্সের নামে নৌযান থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে এ কার্যক্রম পরিচালিত হলেও বিষয়টি প্রশাসনের নজরের বাইরে ছিল। এতে নৌযান শ্রমিক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খাদিমনগর ইউনিয়নের পীরেরগাঁও গ্রামের মৃত সুনু মিয়ার ছেলে শামিম ও রুবেল এবং একই গ্রামের বুলাই মিয়ার ছেলে শফিকের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তারা ইউনিয়ন পরিষদের ট্যাক্স আদায়ের লিজ রয়েছে দাবি করে ‘মেসার্স আসফিয়া এন্টারপ্রাইজ’ নামে রশিদ ব্যবহার করেন। ওই রশিদের মাধ্যমে সালুটিকর-বাদাঘাট নৌপথে চলাচলকারী বালু ও পাথরবোঝাই ইঞ্জিনচালিত নৌকা, বার্জ ও কার্গো জাহাজ থেকে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত অর্থ আদায় করা হয়।

অভিযোগে আরও বলা হয়, রুবেল ও শামিমের ভাই কবির আহমদ নিজেকে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের মার্কম্যান পরিচয় দিয়ে এ কার্যক্রম পরিচালনা করছেন। স্থানীয়দের দাবি, কবিরের নেতৃত্বে একটি চক্র এ কার্যক্রমে জড়িত। তাদের সঙ্গে পীরেরগাঁও গ্রামের আব্দুল হাসিম, আব্দুর রহমান ও হারুন মিয়ার নামও স্থানীয়রা উল্লেখ করেছেন। অভিযোগ অনুযায়ী, কবিরের হয়ে শামিম, রুবেল ও শফিক নৌযান থেকে অর্থ সংগ্রহ করেন এবং পরে তা নিজেদের মধ্যে ভাগ করে নেন।

অভিযোগের বিষয়ে জানতে কবির আহমদের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না বলে কল কেটে দেন। রুবেল অভিযোগ অস্বীকার না করলেও বৈধ কাগজপত্র দেখাবেন বলে পরে আর যোগাযোগ করেননি। শফিকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। অন্যদিকে হারুন ট্যাক্সের নামে অর্থ আদায়ের বিষয়টি স্বীকার করলেও নিজেকে এ কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নন বলে দাবি করেন।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম বলেন, চেঙ্গেরখাল এলাকায় কবির নামে কোনো মার্কম্যান দায়িত্ব পালন করছেন কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন বলেন, নদীপথে ইউনিয়ন পরিষদের নামে ট্যাক্স আদায়ের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে লিজ দেওয়া হয়নি। ভুয়া রশিদ ও জাল লিজের কাগজপত্র ব্যবহার করে ট্যাক্সের নামে অর্থ আদায়ের অভিযোগ সম্পর্কে তিনি অবগত হয়েছেন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলেন, ইউনিয়ন ট্যাক্সের নামে অর্থ আদায়ের বিষয়টি আগে তার জানা ছিল না। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছেন উল্লেখ করে তিনি বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।