
সিকারি ডেস্ক:: শাহজালাল (র.) মাজারের দানবাক্স ও ডেকছিতে এবার পাওয়া গেছে ৪৭ লক্ষাধিক টাকা।শনিবার (১১ জুলাই) টাকাগুলো গণনা শেষে এসব তথ্য জানান সংশ্লিষ্টরা।এর আগে প্রথমবার মাজারের দানবাক্স ও ডেকছিতে ৪ দিনে পাওয়া গিয়েছিল ১৭ লাখ ৬৫ হাজার ৫৭৯ টাকা।
শনিবার দুপুরে মাজার ব্যবস্থাপনা ও উন্নয়ন নিশ্চিতে গঠিত কমিটির তত্ত্বাবধানে টাকাগুলো গণনা শুরু হয়। এ সময় ৩ ডেকছি ও ৮টি দানবাক্স খোলে টাকা গণনার কাজ শুরু হয়। শেষ হয় শেষ বিকালের দিকে।
এরপর উপস্থিত গণমাধ্যমকে জানানো হয়, এবার মোট ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে।সঙ্গে পাওয়া গেছে ৯ গ্রাম সোনা ও সোনাসদৃশ বস্তু ১০ গ্রাম, ৩৯ দশমিক ৪ গ্রাম রূপা। আর বৈদেশিক মুদ্রার মধ্যে মিলেছে, ২০ মার্কিন ডলার, ১৩৫ সৌদি রিয়াল, ২ হাজার ৫৩২ ভারতীয় রূপি, ২২ কাতারি দিরহাম, ৬ মালয়েশিয়ান রিঙ্গিত, ২০ হংকং ডলার, ২০ ইউরো, ১ দশমিক ৪৫ ওমানী দিনার, ৫৪ দশমিক ২০ আমিরাত দিরহাম, ৪ হাজার ইন্দোনেশিয়ান রুপিয়া, ৬০ পাকিস্তানি রূপি ও ১০ সিঙ্গাপুরি ডলার।
এই ১৮ দিনে ভক্তরা ১টি গরু এবং ৬৫টি ছাগলও দান করেছেন।এছাড়াও প্রধানমন্ত্রীর তারেক রহমান ও হযরত শাহজালাল (র.) এর কাছে লেখা একাধিক চিঠিও পাওয়া গেছে। মিলেছে তান্ত্রিক কবিরাজের তাবিজও।
গণনাকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক এবং মাজার ব্যবস্থাপনা ও উন্নয়ন কমিটির দদস্য আব্দুল কাউয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যন ও মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহাসহ জেলা প্রশাসন ও মাজারের মঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ১৮ জুন জেলা প্রশাসনের উদ্যোগে মাজারের সবগুলো দানবাক্স ও ডেকছি সিলগালা করার পর প্রথমবার প্রকাশ্যে টাকা গণনা হয়েছিল ২২ জুন। সেবার পাওয়া গিয়েছিল ১৭ লাখ ৬৫ হাজার ৫৭৯ টাকা।