
সিকারি ডেস্ক:: হবিগঞ্জের বাহুবলে কোটি টাকা মূল্যের ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে বাহুবল মডেল থানা পুলিশ। এ সময় ট্রাক ভর্তি ৩৩৩ বস্তা জিরা উদ্ধার করা হয় এবং চোরাচালানের সঙ্গে জড়িত অভিযোগে ৫ জনকে আটক করা হয়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ১৩ জুলাই মধ্যরাত পোনে ১২টার দিকে থানার এসআই ইব্রাহিম আখন্দ সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন চেকপোস্ট-৪ ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একটি ট্রাক তল্লাশি করে ৩৩৩ বস্তা ভারতীয় জিরা উদ্ধার এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, জব্দকৃত জিরার মোট ওজন ৯ হাজার ৯৯০ কেজি। জিরাগুলোর আনুমানিক বাজার মূল্য ৭৪ লাখ ৯২ হাজার ৫০০ টাকা। জব্দকৃত ট্রাকসহ উদ্ধারকৃত পণ্যের সর্ব মোট মূল্য প্রায় ৯৭ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা। অভিযানে জিরাসহ ট্রাকটি জব্দ করা হয়।
পরে আটক ৫ জনের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।