
সিকারি ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের গোয়াইন গ্রামে জমি দখলকে কেন্দ্র করে এক বৃদ্ধা ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধা আনোয়ারা বেগম (৬১) বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, আজ শুক্রবার (১৭ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা ভুক্তভোগীর ক্রয়কৃত জমিতে জোরপূর্বক প্রবেশ করেন। এরপর সেখানে থাকা বাঁশের খুঁটি উপড়ে ফেলে জমি দখলের উদ্দেশ্যে হালচাষ শুরু করেন।
ভুক্তভোগী আনোয়ারা বেগম অভিযোগ করেন, অভিযুক্ত মো. খয়রুল আলম, মুহিবুর রহমান, জলাল উদ্দিন ও মইন উদ্দিনসহ অজ্ঞাতনামা আরও ১-২ জন ব্যক্তি দীর্ঘদিন ধরে তার ছেলের নামে থাকা জমিটি দখলের পাঁয়তারা চালিয়ে আসছেন। এর আগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পুলিশের উপস্থিতিতে জমির সীমানা নির্ধারণ করে বাঁশের খুঁটি মারার মাধ্যমে দখল বুঝিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু অভিযুক্তরা অত্যন্ত প্রভাবশালী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী হওয়ায় পুনরায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালান।
আনোয়ারা বেগম জানান, তিনি বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের জন্য উদ্যত হন। আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা ক্ষান্ত হন, তবে যাওয়ার সময় ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে যান।
বর্তমানে অভিযুক্তদের এহেন কর্মকাণ্ডে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন ভুক্তভোগী বৃদ্ধা। এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।