
সিকারি ডেস্ক:: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বহুল আলোচিত পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সিলেটের কানাইঘাটে পৌঁছেছেন দলের শীর্ষ নেতারা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বাদ মাগরিব কানাইঘাট উত্তর বাজারে আয়োজিত পথসভার মঞ্চে তারা উপস্থিত হন।
এর আগে দুপুর ১টার দিকে তাদের কানাইঘাটে পৌঁছানোর কথা থাকলেও সিলেটের গোলাপগঞ্জে এনসিপির পদযাত্রায় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার কারণে সফরসূচিতে বিলম্ব হয়। পরবর্তীতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে সন্ধ্যার পর নেতাদের বহর কানাইঘাটে পৌঁছায়।
কানাইঘাটে আগত কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এদিকে, গোলাপগঞ্জে হামলার ঘটনার পর কানাইঘাটে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। উপজেলা সদরের গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও কর্মসূচিস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে, যাতে এনসিপির কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
পথসভাকে ঘিরে বিকেল থেকেই উত্তর বাজার ও আশপাশের এলাকায় এনসিপির নেতাকর্মী-সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে। কেন্দ্রীয় নেতাদের আগমনকে ঘিরে এলাকায় উৎসুক জনতার ভিড়ও লক্ষ্য করা যায়।