শ্রীমঙ্গলে সড়কে ঝরল তিন প্রাণ

sylhetcrimereport
প্রকাশিত September 23, 2026
শ্রীমঙ্গলে সড়কে ঝরল তিন প্রাণ

সিকারি ডেস্ক:: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লচনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে দু’জনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন-শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের মাজদিহি এলাকার অমৃত সিংয়ের ছেলে জয় সিং (২৩) এবং একই এলাকার সুশীল নায়েকের ছেলে পাপ্পু নায়েক (২২)।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত অপর একজনের পরিচয় পাওয়া যায়নিপুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীমঙ্গল থেকে মিরপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া আলম এশিয়া পরিবহনের একটি বাস লচনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশায় থাকা তিনজন গুরুতর আহত হন।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে আহত তিনজনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাভিদ রাইয়ান বিন শহীদ বলেন, রাত সোয়া ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। তাদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। একজনের পা ভেঙে যায়।

সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল মমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে।আরেকজনের পরিচয় হাসপাতালে এসে জানা যায়। বাকি একজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সাতগাঁও হাইওয়ে থানার এসআই মমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।বাসযাত্রী ও মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ফারহানা ইয়াসমিন বলেন, তারা চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরে সিলেট গিয়েছিলেন। সফর শেষে ময়মনসিংহের উদ্দেশে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। যাত্রার সময় চালককে ধীরগতিতে গাড়ি চালানোর কথা বলা হয়েছিল। তাঁর ভাষ্য, সিএনজিচালিত অটোরিকশাটি হঠাৎ সামনে চলে আসায় বাসটি জোরে ব্রেক করেও সংঘর্ষ এড়াতে পারেনি। বাসের যাত্রীদের তেমন কেউ আহত না হলেও আতঙ্কে দুই ছাত্রী অজ্ঞান হয়ে যান।

শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত হাইওয়ে থানায় যায়। সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীই হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।