সিলেটে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি

sylhetcrimereport
প্রকাশিত October 7, 2026
সিলেটে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি

সিকারি ডেস্ক:: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের শিবের বাজারে রুজি বেগম (২১) হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে এ ঘটনায় এজাহারভুক্ত আসামি ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে স্থানীয় সাহেবের বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দেবাইর বহর পূর্বপাড়া জামে মসজিদের সাবেক সভাপতি মুসলিম মিয়ার সভাপতিত্বে এবং সমাজকর্মী বশির আহমদের পরিচালনায় এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।বক্তারা অভিযোগ করেন, রুজি বেগমকে তার শ্বশুরবাড়ির লোকজন পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে সিলিং ফ্যানের সঙ্গে মরদেহ ঝুলিয়ে রেখে ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করছে।

তারা বলেন, বিয়ের পর প্রায় নয় মাসের সংসার জীবনে বিভিন্ন বিষয়ে টানাপোড়েন চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ-বিচারও হয়। সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর স্থানীয় বিশিষ্ট মুরব্বিদের উপস্থিতিতে উভয় পক্ষের বৈঠকের পর রুজিকে শ্বশুরবাড়িতে পাঠানো হয়। এর প্রায় এক সপ্তাহ পর তার মৃত্যুর ঘটনা ঘটে।মানববন্ধন থেকে বক্তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, এজাহারভুক্ত আসামি ও হত্যাকাণ্ডের সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় বৃহত্তর সিলেটবাসীকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা আরও অভিযোগ করেন, আসামিদের পক্ষে জালালাবাদ থানায় প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে। এ সময় শিবের বাজারের বালু ব্যবসায়ী হিসেবে পরিচিত মোহাম্মদ আলীসহ হত্যাকাণ্ডের সহযোগীদের কথিত তৎপরতারও নিন্দা জানান তারা।মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কছির উদ্দিন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ, সিলেট মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান রুবেল, খাদিমনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আনছার আলী, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মুহিবুর রহমান কাজল, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মইন উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আতাউর রহমান শামীম, সাহেবের বাজার হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন-অর রশীদ, সাহেবের বাজার সুঃ হাঃ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফসহ অনেকে।এ ছাড়া মাওলানা ফিরোজ আহমদ, হাফিজ আব্দুল মালিক, সালাউদ্দিন ইমরান, গোলাম মাওলা রাজন, যুক্তরাষ্ট্রপ্রবাসী শামীম আহমদ, আরব আলী, আলাল উদ্দিন, শফিকুর রহমান, মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা শরিফ আলী ও জামায়াত নেতা গুলজার হোসেন নাজিমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।

মানববন্ধনে বৃহত্তর খাদিমনগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক নারী অংশ নেন।