প্রায় ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের নতুন ভিসি

sylhetcrimereport
প্রকাশিত October 13, 2026
প্রায় ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের নতুন ভিসি

সিকারি ডেস্ক:: নিজ কার্যালয়ে প্রায় ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি অধ্যাপক শেখ শরীফুল আলম। এরই মধ্যে বিদ্যুৎ সংযোগ না থাকায় বিপাকে পড়েছেন ভিসিসহ অবরুদ্ধরা। সোমবার (১৩ অক্টোবর) প্রতিবেদনটি লেখা পর্যন্ত শিক্ষার্থীদের পূর্বনির্ধারিত কর্মসূচি ‘কমপ্লিট শাটডাউন’ চলছে।

সাবেক ভিসি অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণের প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে গতকাল সোমবার দুপুর ১২টা থেকে প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।

এদিকে, রাত দেড়টার দিকে ভিসির সঙ্গে অবরুদ্ধ থাকা ইঞ্জিনিয়ার শাহরিয়ার নামের এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। পরে চুয়েটের চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।নিয়োগের ২১ দিন পর নিজ কার্যালয়ে তালা ভেঙে প্রবেশ করেন ভিসি শেখ শরীফুল আলম। খবর পেয়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। একপর্যায়ে ফটকে তালা ঝুলিয়ে দেন তারা।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। এ সিদ্ধান্তের প্রতিবাদ ও সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। পরবর্তীতে আন্দোলন জোরদার করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও পূর্ণাঙ্গ কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি শুরু করেন।