
সিকারি ডেস্ক:: শারদীয় দুর্গাপূজার সুযোগ নিয়ে সীমান্ত এলাকায় চোরাচালান বৃদ্ধি পাওয়ায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)। অভিযানে ভারতীয় মদ, অন্যান্য মাদকদ্রব্য এবং সাড়ে ১৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এ সময় মাদক পাচারে জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) পুলিশ ও বিজিবি সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিজিবি সূত্র জানায়, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন প্রতাপপুর, ডিবিরহাওর, বিছনাকান্দি, সংগ্রাম এবং পান্থুমাই সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় টমেটো, কম্বল, মাল্টা, আপেল, কমলা, জিরা, কসমেটিকস, চকলেট ও আলু জব্দ করা হয়। জব্দকৃত এসব চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৫০ হাজার টাকা।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
অপরদিকে, সিলেটের সীমান্ত উপজেলা জৈন্তাপুরে শনিবার দুপুর থেকে রবিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে থানা-পুলিশ।
পুলিশ জানায়, রবিবার ভোরে শাপলা ফিলিং স্টেশনের সামনে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৯৬ বোতল ভারতীয় মদসহ নুরুল ইসলাম আকাশ (২৭) নামে এক চালককে গ্রেফতার করা হয়। তিনি সিলেট এয়ারপোর্ট থানার লীলাপাড়া ছড়ারপাড় গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ জানান, দুর্গাপূজা উপলক্ষে এসব মদ পরিবহন করা হচ্ছিল।
এর আগে শনিবার দুপুরে জৈন্তাপুরের হরিপুর চেকপোস্টে কলাপাতা দিয়ে ঢেকে ট্রাকে মাদক পাচারের সময় ৬৪৮ বোতল বিদেশি মদ, ৪০ বোতল ফেনসিডিল ও ৪০০ পিস ইয়াবাসহ নওগাঁর তিন বাসিন্দা মো. সিরাজ (২৪), মো. রমজান হোসেন তামিম (২৪) ও মো. ইদ্রিস আলীকে (৩৮) গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, দুর্গাপূজার সুযোগে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রুখতে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। পৃথক দুই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।