
নিজস্ব প্রতিবেদক:: সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হিসেবে নির্বাচিত হওয়ায় উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেমকে সংবর্ধনা দিয়েছেন বাইশটিলা এলাকাবাসী। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।
শনিবার (৩১ অক্টোবর) সিলেট সদর উপজেলার ৩ নং খাদিমনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাইশটিলা এলাকাবাসীর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জিল্লু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম। সিলেট সদর উপজেলা যুবদল নেতা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মো. দুদু মিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হিসেবে আবুল কাশেমের দায়িত্বপ্রাপ্তি স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা। পাশাপাশি এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক হাজী জাহেদ আহমেদ, ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মেম্বার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মরম আলী, যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ ও আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, যুববিষয়ক সম্পাদক আজির উদ্দিন, সহসাধারণ সম্পাদক আব্দুল কাদির, শ্রমিক দল নেতা খিজুর আলী ও বিএনপি নেতা ইমরান গাজী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মেম্বার আব্দুল কুদ্দুস, শ্রমিক নেতা বিলাল আহমেদ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা দলের সমাজসেবা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ধর্মবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, সদর উপজেলা যুবদল নেতা খলিল আহমেদ, রাজিব হোসেন লিটু, আলীম উদ্দিন, ইয়াকুব আলী, বিলাল আহমেদ, আব্দুল কাইয়ূম, মঞ্জুর আহমেদ, জামাল উদ্দিন, তানিম আহমেদ, শিপন আহমেদ ও নজরুল ইসলাম রনিসহ বিএনপির স্থানীয় অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ।
সংবর্ধিত অতিথি আবুল কাশেম তাঁর বক্তব্যে এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং খেলোয়াড়দের উৎসাহিত করতে সবার সহযোগিতা কামনা করেন। এসময় স্থানীয়দের বিভিন্ন দাবী পূরণের আশ্বাস দেন। অনুষ্ঠানের একপর্যায়ে সংবর্ধিত নেতা আবুল কাশেম স্থানীয় খেলোয়াড়দের মাঝে উৎসাহিত করার লক্ষ্যে দুটি ফুটবল উপহার দেন। তাঁর এ উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসী।