
সিকারি ডেস্ক:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক প্রবাসীর তালাবদ্ধ বসতঘরে অভিনব ও দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা শুধু মূল্যবান সামগ্রীই নয়, বসতঘরের দরজা-জানালা, পানির পাম্প (মোটর), বৈদ্যুতিক পাখা ও বাথরুমের ফিটিংস পর্যন্ত খুলে নিয়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল এলাকায় প্রবাসী মো. সামছুজ্জামানের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর স্ত্রী মোছা. রিপা বেগম (২৬) বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গৃহকর্তা মো. সামছুজ্জামান জীবিকার তাগিদে প্রবাসে থাকেন। অসুস্থ মাকে দেখতে তাঁর স্ত্রী রিপা বেগম কয়েক দিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। গত ১ নভেম্বর সকাল ১১টার দিকে তিনি শ্বশুরবাড়িতে ফিরে এসে কলাপসিবল গেট ও ঘরের দরজার তালা ভাঙা দেখতে পান। ভেতরে প্রবেশ করে দেখা যায়, চোরেরা ঘরের সাতটি দরজা, চারটি সিলিং ফ্যান, দুটি পানির মোটর, এক হাজার লিটারের একটি পানির ট্যাংক, ১৫০ ফুট লোহার পাইপ, তিনটি বেসিন, বাথরুমের ট্যাপ, শাওয়ার, আইপিএস এবং বৈদ্যুতিক সরঞ্জামাদি খুলে নিয়ে গেছে।
চুরির এমন ধরনে হতবাক স্থানীয় বাসিন্দারাও। ঘটনাস্থল পরিদর্শন করে প্রবাসীর প্রতিবেশী মো. এমদাদ আলী ও মো. বজলু মিয়া জানান, চুরি-ডাকাতির ঘটনা সাধারণত মূল্যবান অলঙ্কার বা নগদ টাকার জন্য হয়ে থাকে। কিন্তু এভাবে ঘরের দরজা-জানালা ও বাথরুমের ফিটিংস পর্যন্ত খুলে নেওয়ার ঘটনা এলাকায় নজিরবিহীন।
এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে জড়িতদের চিহ্নিত ও মালামাল উদ্ধারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।