জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলি, জবাবে পাল্টা ফায়ার বিজিবির

sylhetcrimereport
প্রকাশিত November 1, 2026
জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলি, জবাবে পাল্টা ফায়ার বিজিবির

সিকারি ডেস্ক:: জৈন্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের সীমান্তের অভ্যন্তরে সমান সংখ্যক ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি)।

শনিবার (৩১ অক্টোবর) রাত আটটা ৫০ মিনিটের দিকে সীমান্তের ১২৮৭/১ এস পিলার এলাকায় এই ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক ১৯ বিজিবির মিডিয়া উইংয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার রাতে হঠাৎ করেই সীমান্তের ভারতের অভ্যন্তরে বিএসএফ দুই রাউন্ড গুলি ছোড়ে। ওই সময় পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে বিজিবি সদস্যরা দ্রুত সতর্ক অবস্থান নেন এবং নিজেদের সীমান্তের ভেতরে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এই গুলিবর্ষণ কোনো পাল্টা আক্রমণ ছিল না, বরং সীমান্তে নিরাপত্তা জোরদার ও সতর্কতামূলক অবস্থানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে বিএসএফ কী কারণে বা কোন পরিস্থিতিতে গুলি ছুড়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। ওই সময়ে সীমান্তে কোনো অনুপ্রবেশের চেষ্টা, চোরাচালানবিরোধী অভিযান বা অন্য কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।