
সিকারি ডেস্ক:: চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে এক সাংবাদিকের মুঠোফোন কেড়ে নেওয়া ও ট্রাইপড ভাঙচুরের অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার ঢাকার আদালত থেকে জামিন পাওয়ার পর বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে পরীমণি ও তার সহযোগীদের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
এক সাংবাদিক অভিযোগ করে বলেন, লিফটে ওঠার সময় তাকে ভিডিও করতে দেখে পরীমণি তার মুঠোফোন কেড়ে নেন। এ সময় তার ট্রাইপডও ভেঙে ফেলেন।
পরীমণি তার বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলেছেন—এমন প্রশ্নের জবাবে ওই সাংবাদিক বলেন, তিনি পরীমণির গায়ে হাত দেননি। বরং পরে দ্বিতীয়বার দেখা হলে পরীমণি তার হাত ধরে টেনে নিয়ে যান এবং অকথ্য ভাষায় গালাগাল করেন।
এর আগে আজ সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন পরীমণি। বেলা ১১টা ৪০ মিনিটে আদালত প্রাঙ্গণে ব্যক্তিগত একটি সাদা গাড়ি থেকে নামেন তিনি। পরে বেলা ১১টা ৫৫ মিনিটে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান।শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়ার পর আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় সাংবাদিকেরা তাকে ঘিরে ধরে প্রতিক্রিয়া জানতে চান। এ সময় পরীমণিকে বলতে শোনা যায়, ‘কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়, সাহস দেখায়।’
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, পরীমণির নিরাপত্তাকর্মী ও সহকারীরা তাকে ঘিরে গাড়ির দিকে নিয়ে যাচ্ছেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন ওই সাংবাদিককে সরিয়ে দেন। পরে ক্ষোভ প্রকাশ করতে করতে গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন পরীমণি।