সিলেটে যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে আটক ১

sylhetcrimereport
প্রকাশিত November 18, 2026
সিলেটে যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে আটক ১

সিকারি ডেস্ক:: সিলেট নগরীর মোগলাবাজার থানাধীন এলাকায় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে মো. জিল্লুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শ্রীরামপুর পারাইরচক ট্রাকস্ট্যান্ড সড়কের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, তথাকথিত ‘লকডাউন’ কর্মসূচির সমর্থনে নিষিদ্ধ সংগঠনের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো হয়েছিলেন। একপর্যায়ে তারা সড়কে পেট্রোল ঢেলে টায়ারে আগুন ধরিয়ে দেয় এবং চলাচলরত বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টা চালায়।

খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযান চালিয়ে জিল্লুর রহমানকে আটক করতে সক্ষম হয়। আটক জিল্লুর রহমান সিলেট সিটি করপোরেশনের এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচা এলাকার বাসিন্দা।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক জানান, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য নাশকতাকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।