শ্রীমঙ্গলে বসতভিটা থেকে উ/চ্ছেদ ও মা/মলায় ফাঁ/সানোর অ/ভিযোগ

sylhetcrimereport
প্রকাশিত November 21, 2026
শ্রীমঙ্গলে বসতভিটা থেকে উ/চ্ছেদ ও মা/মলায় ফাঁ/সানোর অ/ভিযোগ

সিকারি ডেস্ক:: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৈতৃক সম্পত্তি নিয়ে পাঁচ ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এক ভাইকে বসতভিটা থেকে উচ্ছেদ এবং আরেক ভাইকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেজো ভাইয়ের স্ত্রী সোয়ারা বেগমের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাঁর ভাসুর ও দেবর।

অভিযোগকারী দুই ভাইয়ের দাবি, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তাঁদের বসতভিটা থেকে উচ্ছেদ করতে এবং হয়রানি করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সোয়ারা বেগমের স্বামী সোনাহর আলী। তাঁর দাবি, গ্রাম আদালতে তাঁরা কোনো মুচলেকা দেননি।

অভিযোগকারী দুই ভাই হলেন শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের হুগলিয়া টিলাগাঁও এলাকার বাসিন্দা মোশাহিদ আলী ও সওকত আকবর।

তাঁদের অভিযোগ, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে গত ২৬ জুলাই সোয়ারা বেগম শ্রীমঙ্গল থানায় তাঁদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন (থানার ডায়েরি নম্বর ১৫৯৪)। ওই অভিযোগে মোশাহিদ আলীকে ১ নম্বর এবং সওকত আকবরকে ২ নম্বর আসামি করা হয়েছে।

মোশাহিদ আলী ও সওকত আকবরের দাবি, তাঁদের বিরুদ্ধে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে আক্রমণের যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তাঁদের ভাষ্য, এমন কোনো ঘটনা ঘটেনি। পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের কারণেই তাঁদের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।

সওকত আকবর জানান, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে ২০২৪ সালে তিনি সিন্দুরখাঁন ইউনিয়ন পরিষদের ৪ নম্বর গ্রাম আদালতে একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে সোনাহর আলী, সোয়ারা বেগমসহ পাঁচজনকে বিবাদী করা হয়।

তাঁর দাবি, গ্রাম আদালত থেকে বিবাদীদের একাধিকবার নোটিশ পাঠানো হলেও তাঁরা আদালতে উপস্থিত হননি। পরে আদালতের পরামর্শ অনুযায়ী তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করেন তিনি, যার নম্বর ২৩৪/২০২৫।

সওকত আকবরের আরও দাবি, পরবর্তী সময়ে বিবাদী পক্ষ আদালতে একটি মুচলেকা প্রদান করে। সেখানে ভবিষ্যতে তাঁকে বসতভিটা থেকে উচ্ছেদ না করা এবং তাঁর সঙ্গে কোনো ধরনের সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করা হয়েছিল।

অন্যদিকে বড় ভাই মোশাহিদ আলী বলেন, ২০১৪ সালে তাঁকে জোরপূর্বক পৈতৃক বসতভিটা থেকে উচ্ছেদ করা হয়। এরপর নিজের মান-সম্মান ও জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি অন্যত্র বসবাস শুরু করেন। দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত থাকার পর এবার তাঁর বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনা হয়েছে।

মোশাহিদ আলী বলেন, আমরা দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের শিকার। এর আগেও বিষয়টি গ্রাম আদালত ও মৌলভীবাজারের আদালত পর্যন্ত গড়িয়েছে। সেখানে বিবাদী পক্ষ মুচলেকা দিয়ে ভবিষ্যতে ভিটা থেকে উচ্ছেদ না করার এবং সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করেছিল। এরপরও নতুন করে আমাদের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে। আমি চাই, অভিযোগের সুষ্ঠু তদন্ত হোক এবং প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা হোক।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

এদিকে, অভিযোগকারী সোয়ারা বেগমের স্বামী সোনাহর আলী অভিযোগগুলো অস্বীকার করে বলেন, আমার স্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। গ্রাম আদালতের নোটিশের পর আমরা ইউনিয়ন অফিসে উপস্থিত হয়েছিলাম। আদালতে কোনো ধরনের মুচলেকা দেইনি।

পৈতৃক সম্পত্তি নিয়ে পাঁচ ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের এ বিরোধে এক ভাইয়ের বসতভিটা থেকে উচ্ছেদ এবং অন্য ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ ঘিরে এলাকায় আলোচনা চলছে। অভিযোগকারীরা বিষয়টির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।