শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার সিলেট-সুনামগঞ্জ সড়কের চৌকা এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।নিহত লুৎফুর রহমান সিলেটের বিশ্বনাথ উপজেলার দিঘলী গ্রামের বাসিন্দা। তিনি গোবিন্দগঞ্জ এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে আলী ফিলিং স্টেশনে চাকরি করতেন। তাঁর স্ত্রী ও এক বছর বয়সী যমজ দুই ছেলে রয়েছে।
নিহতের মামা মে. ওবায়দুল হক মিলন বলেন, সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে শান্তিগঞ্জের দামোধরতপি গ্রামে লুৎফুর রহমানের শ্বশুরবাড়ি। শুক্রবার রাতে কর্মস্থল গোবিন্দগঞ্জ থেকে মোটরসাইকেলে করে তিনি শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথে চৌকা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনার পর পিকআপের চালক পালিয়ে গেছেন। তবে পিকআপটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।