আজ সিলেটে আসছে এনসিপি’র ‘জুলাই পদযাত্রা’

sylhetcrimereport
প্রকাশিত July 25, 2025
আজ সিলেটে আসছে এনসিপি’র ‘জুলাই পদযাত্রা’

ছবি:নিজস্ব

সিকারি  ডেস্ক::  জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশজুড়ে জুলাই পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা নিয়ে গিয়েছে দলটি।

তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার (২৫ জুলাই) সিলেটে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে দলটি। বিকেলে পদযাত্রাটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হবে।।

এনসিপির জুলাই পদযাত্রা সফল করতে সিলেটে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জুলাই অভ্যুত্থানের নেতাদের নিয়ে গড়ে ওঠা এই রাজনৈতিক দলটি। নগরীর বিভিন্ন স্থানে সাঁটানো হয়েছে পোস্টার। বিভিন্ন সড়কে পদযাত্রার সমর্থনে তোড়নও নির্মাণ করা হয়েছে। চলেছে ব্যাপক প্রচারণা। পদযাত্রায় বিপুল জনসমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এনসিপি সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান বলেন, ‘২৫ জুলাই সিলেট শহর সাক্ষী থাকবে এক ঐতিহাসিক পদযাত্রার। আমাদের কেন্দ্রীয় নেতারা সেদিন সিলেটে আগমন করবেন। আমরা দেখিয়ে দিতে চাই সিলেটের নেতৃত্ব, আতিথেয়তা ও সাংগঠনিক দক্ষতা কতটা সুসংগঠিত ও শক্তিশালী।’