
সিকারি ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নে স্ত্রী রুবেনা বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী আলী আহমদ (৩৫)। রুবেনা বেগম তিন সন্তানের জননী নন্দিরগাঁও ইউনিয়নের আঙ্গুরজুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। স্বামী আলী আহমদ (৩৫) বগাইয়া গ্রামের মোকাম মহল্লার মৃত আব্দুর রহমানের ছেলে।
গতকাল শনিবার ২০ সেপ্টেম্বর বেলা দুইটায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। জানা যায়, পাষন্ড স্বামী আলী আহমদ খাটে শুয়ে থাকা স্ত্রীকে দা দিয়ে এলোপাতাড়ি কোপালে প্রাণ-হারান স্ত্রী রুবেনা বেগম। স্ত্রীকে হত্যার পর সে নিজে দা দিয়ে তার শরীরে কোপাতে থাকে। স্হানীয় বাসিন্দারা ধাওয়া করে তাকে আটক করেন। পরে গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত কবির হোসেন ও এস আই জহুরলাল ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যান।
এদিকে নিহত রুবেনা বেগমের বাপের বাড়ির লোকের দাবি যৌতুকের তিন লক্ষ টাকার জন্য পরিকল্পিতভাবে তাদের মেয়েকে হত্যা করা হয়েছে। তারা বলেন,যৌতুকের টাকার জন্য পারিবারিক দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং একপর্যায়ে স্বামী আলী আহমদ মেজাজ হারিয়ে দা দিয়ে কুপিয়ে তাদের মেয়েকে হত্যা করেছে। চার বছর থেকে যৌতুকের টাকার জন্য তারা চাপ দিচ্ছিল। কিছুদিন আগে বিশ হাজার টাকা দিয়েছেন বলে তারা জানান এবং গতকাল ঘটনার পর দশ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে। এখন হত্যাকে বানচাল করতে তাকে মানসিক রোগী সাজানো হচ্ছে। তারা আইন প্রশাসনের কাছে তাদের মেয়ে হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।
আজ বাদ আছর লাশের ময়না তদন্ত শেষে রুবেনা বেগমের বাপের বাড়ি আঙ্গারজুর গ্রামে তার দাফন সম্পন্ন করা হয়।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান,স্বামী-স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়া চলত। হয়তো সেই কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মেয়ের পরিবারের পক্ষ থেকে আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।