
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে প্রায় আট লক্ষ টাকা মূল্যের ৫৫ কেজি ভারতীয় গাঁজা ও ৮টি ভারতীয় চোরাই গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে শনিবার (৭ মার্চ) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে। জব্দকৃত গাঁজা ও গরুর আনুমানিক সিজার মূল্য প্রায় আট লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতছড়ি বিওপির একটি বিশেষ টহলদল শনিবার রাত আনুমানিক ২টার দিকে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শালবাগান এলাকায় টহল পরিচালনা করে। এ সময় কয়েকজন মাদক পাচারকারী ভারত থেকে কয়েকটি বস্তায় করে মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। পরে পাচারকারীরা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়।পরবর্তীতে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৫৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
এছাড়া একই এলাকায় পৃথক আরেকটি বিশেষ অভিযানে সাতছড়ি বিওপির টহলদল ভারত থেকে পাচারকৃত মালিকবিহীন ৮টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়।জব্দকৃত গরু ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা কাস্টমস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানজিলুর রহমান জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করা এবং দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনসাধারণের সচেতনতা ও সহযোগিতা কামনা করা হয়েছে।