• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কোনো অবস্থাতেই অপরাধীদের ছাড় দেওয়া যাবে না- মন্ত্রী আরিফুল হক চৌধুরী

sylhetcrimereport
প্রকাশিত মার্চ ৮, ২০২৬
কোনো অবস্থাতেই অপরাধীদের ছাড় দেওয়া যাবে না- মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সংগৃহিত

প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা না গেলে অপরাধের প্রবণতা আরও বাড়তে পারে। তাই কোনো অবস্থাতেই অপরাধীদের ছাড় দেওয়া যাবে না। একই সঙ্গে ছিনতাইকারী বা কিশোর গ্যাংয়ের পক্ষে কেউ তদবির করলে তাকেও আইনের আওতায় আনার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (৮ মার্চ) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব নির্দেশনা দেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, কিশোর গ্যাং নামে একটি সংগঠিত অপরাধীচক্র সক্রিয় রয়েছে। তারা অত্যন্ত বেপরোয়া এবং তাদের পেছনে অন্য কোনো শক্তি থাকতে পারে। এই বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরদারিতে রাখতে হবে। অপরাধী যে-ই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া যাবে না। পুলিশকে ডান-বাম না তাকিয়ে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। তবে কারও প্ররোচনায় নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা যাবে না। আবার প্রকৃত অপরাধী ধরা পড়লে তার পক্ষে কেউ অনুরোধ করলে তাকেও আইনের আওতায় আনতে হবে।

আসন্ন ঈদকে সামনে রেখে ছিনতাই প্রতিরোধে পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর জোর দেন তিনি। বিশেষ করে মার্কেট এলাকাগুলোতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন, সিসিটিভি নজরদারি বৃদ্ধি এবং রাতে মার্কেটের ভেতরে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন।

মন্ত্রী আরও বলেন, সন্ধ্যার পর অনেক নারী ক্রেতা মার্কেটে আসেন, তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া সিলেটের মার্কেট এলাকার ভেতরে মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণের নির্দেশ দেন তিনি। তার মতে, অনেক সময় ছিনতাইকারীরা কয়েকটি মোটরসাইকেলে এসে ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়, এমনকি অনেক মোটরসাইকেলের নম্বরপ্লেটও থাকে না। তাই অন্তত রমজান মাসে মোটরসাইকেল চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের আহ্বান জানান তিনি।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।