• ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন

sylhetcrimereport
প্রকাশিত মার্চ ৯, ২০২৬
উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন

সংগৃহিত

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদ্‌যাপন করেছে উত্তরা ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের নারী কর্মীদের উপযাপনের কেন্দ্রে রেখে এই আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নারী দিবসের এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিয়া রানী দাস, শিক্ষাবিদ ও আইসিসি ম্যাচ রেফারি, ক্য চিন ঠে ডলি, ম্যানেজিং ডিরেক্টর, ক্লথস “আর” লিমিটেড, প্রফেসর সায়মা ফিরোজ, শিক্ষাবিদ ও আন্তর্জাতিক শুটিং স্পোর্টস এর বিচারক, এবং উলফাত জাহান মুন, ম্যানেজিং ডিরেক্টর, আইচি হেলথকেয়ার গ্রুপ।

প্রধান অতিথি ব্যারিস্টার রাশনা ইমাম সমাজে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “নারীদের বিরুদ্ধে মোরাল পুলিশিং বন্ধ করতে হবে। একজন নারীর স্বাধীনতা, পছন্দ-অপছন্দ এবং তার মর্যাদা সমাজের দ্বারা নিয়ন্ত্রিত বা প্রশ্নবিদ্ধ হওয়া উচিত নয়। সত্যিকারের উন্নতি আসলে তখনই সম্ভব হবে, যখন নারীদের সমান নাগরিক হিসেবে সম্মান দিতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তরা ইউনিভার্সিটির উপদেষ্টা ড. পারভীন আক্তার জেমি, এবং স্কুল অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড আর্টসের ডিন সৈয়দা আফরোজা জেরিন। তার বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা নারীদের নিজেদের অন্তর্নিহিত শক্তি ও সম্ভাবনাকে উপলব্ধি করার আহ্বান জানান। তিনি বলেন, “প্রত্যেক নারীর ভেতরে একটি দীপ্তি লুকিয়ে থাকে। সেই দীপ্তিই সাহস, প্রতিভা এবং ইতিবাচক পরিবর্তন আনার শক্তির প্রতীক। নারীদের উচিত সেই শক্তিকে লালন করা এবং তা কাজে লাগিয়ে নিজেদের স্বপ্ন পূরণ করা ও সমাজে অবদান রাখা।”

অনুষ্ঠানের শুরুতে সঞ্চালকের স্বাগত বক্তব্যের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য এবং সমাজের সব ক্ষেত্রে নারীর সমতা ও সম্মান নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা হিসেবে কাজী নজরুল ইসলামের “নারী” কবিতার সমবেত আবৃত্তি পরিবেশন করেন বাংলা বিভাগের প্রভাষক শোভন চক্রবর্তী, মো. আবদুল হাকিম, মো. অমিত হাসান সোহাগ এবং সাইফুল্লাহ মনসুর।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে “নারীর জন্য নিরাপদ দেশ” শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান ও বিশেষ অতিথিদের পাশাপাশি অংশগ্রহণ করেন, উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন ড. ইশরাত হোসেন এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান ড. মো. তারেক আজিজ। আলোচনায় বক্তারা, নারীদের সামনে থাকা চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার উপায় নিয়ে মতামত প্রদান করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপাচার্য সম্মানিত অতিথিদের হাতে স্মারক সম্মাননা প্রদান করেন। পরে অনুষ্ঠানের সঞ্চালকের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।