• ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে নারীদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জ নিয়ে সংলাপ অনুষ্ঠিত

sylhetcrimereport
প্রকাশিত মার্চ ১৩, ২০২৬
সিলেটে নারীদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জ নিয়ে সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:: আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উপলক্ষে সিলেটে নারী নেত্রীদের অংশগ্রহণে এক সংলাপ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরডব্লিউডিও) সিলেটের উদ্যোগে বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১টায় নগরের সারদা হলে এ সংলাপের আয়োজন করা হয়। এতে নারীদের পেশাগত ও ব্যক্তিগত জীবনে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ, সম্ভাবনা ও এগিয়ে যাওয়ার পথ নিয়ে আলোচনা হয়।

আরডব্লিউডিও’র নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ও জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিরীন আক্তার, কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি সামিয়া চৌধুরী, ৬নং টুকের বাজার ইউনিয়ন পরিষদের সদস্য দিপালী গোয়ালা, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি এবং হিজড়া যুব কল্যাণ সংস্থার নির্বাহী সদস্য তাসনিয়া ফারিন।

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সংলাপে সরকারি চাকরিতে নারীদের সুযোগ ও চ্যালেঞ্জ, নারী আইনজীবীদের পেশাগত প্রতিবন্ধকতা, ইউনিয়ন পরিষদে নারী জনপ্রতিনিধিদের অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণের বাস্তবতা, সাংবাদিকতা পেশায় নারীদের অভিজ্ঞতা, রাজনীতিতে নারীর অংশগ্রহণ এবং সমাজে টিকে থাকতে হিজড়া জনগোষ্ঠীর বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেওয়া অতিথিরা নিজেদের কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের নানা চ্যালেঞ্জ এবং সেসব অতিক্রমের অভিজ্ঞতাও তুলে ধরেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আরডব্লিউডিও’র ‘স্বাধীনতা’ প্রকল্পের ভলান্টিয়ার নাফিসা তানজীন। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন আরডব্লিউডিও’র প্রজেক্ট ফোকাল মো. জাহিদুল ইসলাম রশিদ।

অনুষ্ঠানে সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে সার্বিক সহায়তা প্রদান করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংলাপ শেষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।