
সিকারি ডেস্ক:: শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় শাহনেওয়াজ চৌধুরী বাপ্পারাজ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২৩ মার্চ) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের কেশবপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ও র্যাব-১০ সিপিসি-১ ঢাকার একটি যৌথ দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
গ্রেপ্তারকৃত শাহনেওয়াজ চৌধুরী বাপ্পারাজ কেশবপুর এলাকার মৃত আব্দুল মালেক চৌধুরীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ভিকটিম কাজী ফুজাইল (২) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কাজীবাড়ি এলাকার বাসিন্দা মাজহারুল ইসলামের ছেলে। তার শ্বশুর হাফেজ মাওলানা নাসির উদ্দিন অসুস্থ হয়ে গত শুক্রবার (২০ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি হন।
ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটির মা নুসরাত জাহান দুই সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে হাসপাতালে শ্বশুরকে দেখতে যান। বিকাল ৩টার দিকে ফুজাইলকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার কার্ডিওলজি বিভাগসহ আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি।
পরে অজ্ঞাতনামা এক ব্যক্তি শিশুটির খালা ইসরাত জাহান ও মামা সাদ বিন ইকরামের মোবাইলে ফোন করে জানায়, ভিকটিম তার কাছে রয়েছে। শিশুটিকে ফেরত পেতে হলে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে এবং তাৎক্ষণিকভাবে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা পাঠাতে হবে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শাহবাগ থানা-এ একটি মামলা দায়ের করেন। পরে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্ত বাপ্পারাজকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।