• ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

তেল-গ্যাস লুকিয়ে সংকট তৈরির চেষ্টা, শ্রীমঙ্গলে ধরা দুই ব্যবসা প্রতিষ্ঠান

sylhetcrimereport
প্রকাশিত মার্চ ২৭, ২০২৬
তেল-গ্যাস লুকিয়ে সংকট তৈরির চেষ্টা, শ্রীমঙ্গলে ধরা দুই ব্যবসা প্রতিষ্ঠান

সংগৃহিত

সিকারি ডেস্ক:: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল ও গ্যাস মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠান দুটিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার সাতগাঁও চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে সার্বিক সহযোগিতা করে র‍্যাব-৯ এর একটি বিশেষ টিম।

অভিযানকালে দেখা যায়, সাতগাঁও চৌমুহনী এলাকার মেসার্স শান্ত এন্টারপ্রাইজ ও ন্যাশনাল ট্রেডিং দীর্ঘদিন ধরে অনুমোদনের বাইরে অতিরিক্ত তেল ও গ্যাস মজুদ করে আসছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধভাবে সংরক্ষিত গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টরা জানান, এ ধরনের অবৈধ মজুদ বাজারে অস্থিরতা সৃষ্টি করে এবং সাধারণ ভোক্তাদের ভোগান্তি বাড়ায়। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।