• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বড় পরিসরে অনলাইন ক্লাসের আলোচনা হচ্ছে না: ববি হাজ্জাজ

sylhetcrimereport
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৬
বড় পরিসরে অনলাইন ক্লাসের আলোচনা হচ্ছে না: ববি হাজ্জাজ

সিকারি ডেস্ক:: জ্বালানি সংকটের প্রেক্ষাপটে অনলাইন ক্লাস চালুর আলোচনা থাকলেও, তা বড় পরিসরে তা এগোচ্ছে না বলে জানিয়েছেন, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর শেরে বাংলা নগরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সংকটের কারণে অনলাইন ক্লাস নিয়ে কিছু চিন্তাভাবনা থাকলেও এখনো সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বর্তমানে বড় পরিসরে অনলাইন ক্লাস চালুর বিষয়ে আলোচনা হচ্ছে না, যোগ করেন তিনি।

তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস পরিচালনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভা থেকেই আসবে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলো কেবল ভাবনা, এখনো সিদ্ধান্ত নয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার শিক্ষাখাতকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবদিক বিবেচনা করা হবে।

এদিকে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব নিয়ে তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে চলা ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশনা ইতোমধ্যে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

এতে করে স্কুলগুলো নিরাপদ থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকটের মুখে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন তিন দিন অনলাইন এবং তিন দিন অফলাইন (সশরীরে) ক্লাস চালু রাখার ভাবনার কথা জানিয়ে আসছিলেন। গত ২ এপ্রিল মন্ত্রিসভা বৈঠকে জ্বালানি সংকট সামাল দিতে অফিস সময় এক ঘণ্টা কমানো হলেও শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস পরিচালনা নিয়ে সিদ্ধান্ত হয়নি। শিক্ষক-অভিভাবকরাও অনলাইন ক্লাসের বিরোধিতা করে আসছিলেন।