
সিকারি ডেস্ক:: সিলেটে এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পরীক্ষা কেন্দ্রের আশপাশে ২০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার লিখিত পরীক্ষা আগামী ৯, ১১, ১৬, ১৯, ২০, ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। এছাড়া ব্যবহারিক পরীক্ষা ২৭, ২৮, ২৯, ৩০ এপ্রিল এবং ৪, ৫, ৬ ও ৭ মে পর্যন্ত এমসি কলেজ, সিলেটসহ বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা চলাকালীন সময় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রতিটি পরীক্ষা কেন্দ্রের চারপাশে ২০০ (দুইশত) গজের মধ্যে সব ধরনের জনসমাগম, মিছিল, সভা, উচ্চস্বরে শব্দ সৃষ্টি, হর্ন বাজানো, মাইক বা লাউডস্পিকার ব্যবহার, অস্ত্র বা বিস্ফোরক দ্রব্য বহন, এমনকি অপ্রয়োজনীয়ভাবে অবস্থান করাও সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এছাড়া বহিরাগত ও অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার পরিবেশ বিঘ্নিত করতে পারে-এমন যেকোনো কর্মকাণ্ড থেকেও বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ নির্দেশনা ৯ এপ্রিল থেকে ৭ মে ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি জনস্বার্থে জারি করা হয়েছে।