• ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জে অ-গ্নিকাণ্ডে ব্যাপক ক্ষ-তি, নিঃস্ব ছয় পরিবার

sylhetcrimereport
প্রকাশিত মে ৬, ২০২৬
সুনামগঞ্জে অ-গ্নিকাণ্ডে ব্যাপক ক্ষ-তি, নিঃস্ব ছয় পরিবার

সিকারি ডেস্ক:: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আগুনে পুড়ে ৬ পরিবারের নগদ টাকা, স্বর্ণালংকার, ধান ও দলিলসহ মূল্যবান সব জিনিসপত্র ছাই হয়ে গেছে। আগুনের হাত থেকে রক্ষা পায়নি পরিবারগুলোর ছেলে-মেয়েদের বই-খাতাও। ঘটনার পর থেকে খোলা আকাশের নিচে অবস্থান করছেন ক্ষতিগ্রস্তরা।

মঙ্গলবার রাত ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন- রমেন্দ্র তালুকদার, রাকেশ তালুকদার, রণজিৎ তালুকদার, রতীন্দ্র তালুকদার, রতিশ তালুকদার এবং একই গ্রামের কৃপেশ তালুকদার।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই ক্ষতিগ্রস্তদের একটি বাড়িতে পল্লী বিদ্যুতের মিটার থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আসার আগেই কয়েক গ্রামের বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনলেও শেষ রক্ষা হয়নি। আগুনে ৬ পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। এখন বসতবাড়ির শুধু পাকা খুঁটিগুলো দাঁড়িয়ে আছে।

সমাজসেবক শেখ দেলোয়ার হোসেন জানান, আগুন এমনভাবে লেগেছিল যে জীবন বাঁচানোই দায় হয়ে পড়েছিল। ঘর থেকে কোনো রকমে বের হয়ে বাসিন্দারা জীবন বাঁচিয়েছেন। আগামী দিনগুলো কীভাবে কাটবে, তা নিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এখন দিশেহারা।

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।