• ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে গেটম্যান না থাকায় ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক আ হ ত

sylhetcrimereport
প্রকাশিত জুন ১, ২০২৬
শ্রীমঙ্গলে গেটম্যান না থাকায় ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক আ হ ত

সিকারি ডেস্ক::  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে একজন চালক আহত হয়েছেন। সোমবার (১ জুন) সকালে ভাড়াউড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর রেলক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যানের অনুপস্থিতির অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার ভাড়াউড়া চা বাগানসংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত আব্দুল কাইয়ুম টিটু (৩২) জেরিন চা বাগানের ট্রাক্টরচালক। তাকে প্রথমে বাগানের হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও বাগান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে শ্রমিক পরিবহনের উদ্দেশ্যে ট্রাক্টর নিয়ে ভাড়াউড়া চা বাগানের দিকে যাচ্ছিলেন টিটু। এ সময় রেলক্রসিং পার হওয়ার মুহূর্তে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। সংঘর্ষে ট্রাক্টরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ইস্পাহানী জেরিন চা বাগানের উপমহাব্যবস্থাপক সেলিম রেজা বলেন, প্রতিদিনের মতো শ্রমিক আনার কাজে ট্রাক্টরটি ব্যবহার করা হচ্ছিল। চালক পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত লাফিয়ে পড়ায় প্রাণে রক্ষা পান, তবে আহত হন।

দুর্ঘটনার পর রেলক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যানের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে তিনি জানান, দুর্ঘটনার সময় গেট নামানো ছিল না এবং গেটম্যানের কক্ষও তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। তার মতে, যথাসময়ে গেট বন্ধ করা হলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতে পারত।

এ বিষয়ে সেলিম রেজা বলেন, ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে কালনী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি ট্রাক্টরের সংঘর্ষ হয়েছে। তবে গেটম্যানের অনুপস্থিতির অভিযোগ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে পারেননি।