ডিউটি শেষে বাড়ি ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে হেনস্তার চেষ্টা

sylhetcrimereport
প্রকাশিত November 11, 2026
ডিউটি শেষে বাড়ি ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে হেনস্তার চেষ্টা

সিকারি ডেস্ক:: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় থানা থেকে ডিউটি শেষ করে হেঁটে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলকে (৩০) মুখ চেপে ধরে টেনে নেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। সাদা পোশাকে থাকায় ওই নারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তা বুঝতে পারেনি হামলাকারীরা। তবে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায় দুই তরুণ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকার পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই নারী পুলিশ কনস্টেবল জুড়ী থানায় কর্মরত আছেন। তাঁর স্বামীও একই থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। দম্পতি উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি বাসায় ভাড়া থাকেন। থানা থেকে বাসা কাছে হওয়ায় প্রায়ই তিনি ডিউটি শেষে একা হেঁটে বাসায় ফেরেন।

ঘটনার বিবরণ দিয়ে ওই নারী পুলিশ সদস্যের স্বামী সংবাদমাধ্যমকে জানান, মঙ্গলবার রাত আটটার দিকে থানা থেকে ডিউটি শেষ করে সিভিল পোশাকে হেঁটে বাসায় ফিরছিলেন তাঁর স্ত্রী। পথিমধ্যে পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে নির্জন স্থানে পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুই তরুণ পেছন থেকে তাঁর মুখ চেপে ধরে এবং জোর করে সড়কের পাশে ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাঁর স্ত্রী চিৎকার শুরু করলে অন্য তরুণটি মোটরসাইকেল নিয়ে দ্রুত রেলস্টেশনের দিকে পালিয়ে যায়। দুর্বৃত্তরা কোনো কিছু ছিনিয়ে নিতে না পারলেও এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। ওই তরুণদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে আলোচনা করে আইনগত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।