
নিজেস্ব প্রতিবেদক:: সিলেট নগরীতে একই বাসা থেকে সাবেক আওয়ামী লীগ নেতা, তাঁর স্ত্রী ও গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
নিহতরা হলেন—বাসার মালিক আব্দুস সাত্তার মিয়া (৮৫), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং গৃহপরিচারিকা তাহমিনা (২৫)।
নিহত আব্দুস সাত্তার মিয়া সিলেট মহানগর আওয়ামী লীগের ১৯ নম্বর ওয়ার্ডের উপদেষ্টা এবং সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ছিলেন। তিনি স্ত্রীকে নিয়ে ওই তিনতলা ভবনের দ্বিতীয় তলায় বসবাস করতেন। তাঁদের চার সন্তান যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বসবাস করেন বলে জানা গেছে।
প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিটও সেখানে উপস্থিত হয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
পুলিশ জানিয়েছে, বাসায় বিদ্যুৎ না থাকায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাওয়া যাচ্ছে না। ফলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্তকারীদের বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম এবং সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।
পুলিশের প্রাথমিক ধারণা, তিনজনকে হত্যার পর ঘাতকরা বাসার পেছনের দিক দিয়ে বেরিয়ে গেছে। তবে কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।