
সিকারি ডেস্ক::কুষ্টিয়ায় নাশকতা মামলায় হাই কোর্ট থেকে জামিন নিয়ে এসে কৃষক দলের অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বিএনপি সমর্থিত আটজন হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনার পর পাল্টা হামলার অভিযোগ উঠেছে। এতে আওয়ামী লীগ সমর্থিত একজনের বাড়ি, দোকান এবং পাট-পিঁয়াজের গুদামে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গত মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, রাজনৈতিক বিরোধের পাশাপাশি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে এসব হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।
কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, সম্প্রতি আওয়ামী লীগ ও যুবলীগের বেশ কয়েকজন নেতা-কর্মীর নামে নাশকতার অভিযোগে মামলা হয়। ওই মামলার আসামি পাটিকাবাড়ি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি রুহুল আমিনসহ আসামিরা জামিন নিয়ে এসে মঙ্গলবার কৃষক দলের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মামুন বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।