গ্যাস সরবরাহ বন্ধের খবরকে গুজব বলছে পেট্রোবাংলা

sylhetcrimereport
প্রকাশিত November 3, 2026
গ্যাস সরবরাহ বন্ধের খবরকে গুজব বলছে পেট্রোবাংলা

সিকারি ডেস্ক:: সিলেটসহ সারাদেশে আগামী চার দিন গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ভিত্তিহীন ও গুজব বলে নিশ্চিত করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

মঙ্গলবার (৩ নভেম্বর) এক বিশেষ বার্তায় পেট্রোবাংলা জানায়, একটি স্বার্থান্বেষী মহল কোনো কোনো সংবাদমাধ্যমের ভুয়া ফটোকার্ড তৈরি করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেসবুকে এ গুজব ছড়াচ্ছে। জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এই অপচেষ্টা চালানো হচ্ছে, যা কর্তৃপক্ষের নজরে এসেছে।

সংস্থাটি মূল বিষয়টি স্পষ্ট করে জানায়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলায় সাময়িকভাবে গ্যাস রূপান্তর ও সরবরাহ (রিগ্যাসিফিকেশন) বন্ধ রাখা হয়েছে।

এর ফলে আগামী চার দিন দৈনিক সর্বমোট গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে আনুমানিক ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নামতে পারে। অর্থাৎ, সারা দেশে দৈনিক সরবরাহ প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট কমবে।

পেট্রোবাংলা নিশ্চিত করেছে যে, এই সময়ে গ্যাস সরবরাহ কোনোভাবেই পুরোপুরি বন্ধ হবে না। তবে সাময়িক সরবরাহের ঘাটতির কারণে কিছু কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ (লো-প্রেসার) দেখা দিতে পারে।

এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমের যেকোনো অপপ্রচারে কান না দিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা।