সীমান্তে রনজিতকাণ্ড: রিসোর্ট সিলগালা, আ ট ক ৪

sylhetcrimereport
প্রকাশিত November 11, 2026
সীমান্তে রনজিতকাণ্ড: রিসোর্ট সিলগালা, আ ট ক ৪

সিকারি ডেস্ক:: সিলেটের সীমান্তবর্তী এলাকা গোয়াইনঘাটের রাতারগুলে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার গোপন রাজনৈতিক সভা আয়োজনের ঘটনায় তোলপাড়ের মধ্যে ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্ট’ সিলগালা বা তাতে তালা দিয়েছে পুলিশ। একই সঙ্গে রিসোর্টের দুই কর্মীসহ চারজনকে আটক করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক।

তিনি জানান, বুধবার ভোররাত ৩টার দিকে রাতারগুল এলাকায় অবস্থিত ‘সোহেল স্কয়ার রিসোর্টটি’ বন্ধ করে পুলিশ তাতে তালা ঝুলিয়ে দেয়। এ সময় দুই রিসোর্ট কর্মীসহ মোট চারজনকে আটক করা হয়। তবে তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। এছাড়া এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নিয়মিত মামলা দায়েরের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর শিক্ষা সফরের কথা বলে এক আইনজীবী রাতারগুলের ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্ট’ ভাড়া নেন এবং সেখানে একটি শিক্ষাসফরের ব্যানারও টানানো হয়। কিন্তু পরবর্তীতে সেখানে হঠাৎ উপস্থিত হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার। সেখানে তিনি ব্যানার বদলে বক্তব্য দিয়ে চলে যান।

গত সোমবার (৯ নভেম্বর) বিকেলে ওই ঘটনার একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করার পর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। ওই ঘটনায় ইতোমধ্যে সুনামগঞ্জ জেলা পুলিশ তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এ ছাড়া ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে গত সোমবার দিবাগত রাতে সিলেট নগরের গোপালটিলায় রনজিত সরকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।