
সিকারি ডেস্ক:: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাতগাঁও চৌমুহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম লোকমান মিয়া (২০)। তিনি পিকআপ ভ্যানের চালক ছিলেন। তার বাড়ি শ্রীমঙ্গল উপজেলার লালবাগ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে দ্রুতগতির একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত নওয়াব মুমু জানান, ভোর সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।