• ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্র*ত্যাহার

sylhetcrimereport
প্রকাশিত জুন ২১, ২০২৬
সিলেটের  ডিসি সারওয়ার আলমকে প্র*ত্যাহার

সিকারি ডেস্ক::  সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে নিযুক্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তার বদলির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

সিলেটে দায়িত্ব পালনকালে মো. সারওয়ার আলম বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনায় ছিলেন। বিশেষ করে সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজারের ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।

সর্বশেষ হযরত শাহজালাল (রহ.) মাজারের ডেগ সিলগালা এবং নতুন দানবাক্স স্থাপনের উদ্যোগকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

তবে তার প্রত্যাহারের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কোনো কারণ উল্লেখ করা হয়নি। সংশ্লিষ্ট মহলে অনেকেই সাম্প্রতিক ঘটনাপ্রবাহের সঙ্গে এ বদলির যোগসূত্র নিয়ে আলোচনা করলেও এর কোনো সরকারি ব্যাখ্যা পাওয়া যায়নি।