
সিকারি ডেস্ক::
বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে আসামের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনার জিকরুল হাসান ফাহাদ-এর সঙ্গে এক ব্যবসায়ী প্রতিনিধিদল বৈঠক করেছে।
ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই)-এর গুয়াহাটি চ্যাপ্টারের যুগ্ম সম্পাদক গৌরব মেধি-এর নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসা-থেকে-ব্যবসা (বি-টু-বি) যোগাযোগ এবং জনগণের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
প্রতিনিধিদলে আরও ছিলেন ADGA EXIM LLP-এর অপারেশনস প্রধান আটাইপো কুরু সিংনার, নিউ এজ কমিউনিকেশন ও ইউবিটু অ্যাগ্রিটেক-এর পরিচালক পঙ্কজ কলিতা, ইউবিটু অ্যাগ্রিটেক-এর অপারেশনস প্রধান সন্ধান ডেকা এবং ট্রু ভ্যালু ট্রেডার্স-এর প্রতিষ্ঠাতা সাহিল চৌধুরী।
বৈঠকে কৃষি, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প, খাদ্যপণ্য, হস্তশিল্প, স্টেশনারি এবং হসপিটালিটি সরঞ্জামসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বাজার সম্প্রসারণ, যৌথ বিনিয়োগ এবং সীমান্তভিত্তিক মূল্য সংযোজন চেইন গড়ে তোলার মাধ্যমে উভয় অঞ্চলের কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর বিষয়ে মতবিনিময় হয়।
এ সময় বাংলাদেশ ও আসামের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সাংস্কৃতিক বিনিময় এবং যৌথ গবেষণা কার্যক্রমের বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে ADGA EXIM LLP আসামের উচ্চমানের আনারসসহ বিভিন্ন কৃষিপণ্য উপস্থাপন করে। প্রতিনিধিদলের সদস্যরা নিজ নিজ প্রতিষ্ঠানের পণ্য ও ব্যবসায়িক উদ্যোগ তুলে ধরেন এবং বাংলাদেশ-আসাম বাণিজ্যের নতুন সম্ভাবনার কথা জানান।
সহকারী হাইকমিশনার জিকরুল হাসান ফাহাদ সীমান্তবর্তী অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে ব্যবসায়ী সমাজের উদ্যোগের প্রশংসা করে বলেন, বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং জনগণের পারস্পরিক সম্পর্ক জোরদারে গুয়াহাটিস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।
বৈঠক শেষে উভয় পক্ষ টেকসই ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলা এবং বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।